অধ্যাদেশ বাতিল ও স্থগিতে টিআইবির ক্ষোভ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি: সংগৃহীত

বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত দুটি অধ্যাদেশ বাতিল এবং জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ স্থগিতের সুপারিশে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগগুলো বাতিল বা স্থগিত করা দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য উদ্বেগজনক।

টিআইবি বলেছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, পৃথক সচিবালয় এবং মানবাধিকার কমিশন—এই তিনটি অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে উত্থাপন করা উচিত। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও তথ্য অধিকারবিষয়ক স্থগিত অধ্যাদেশগুলো দ্রুত যাচাই-বাছাই করে আইনে রূপান্তরের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগ ছিল। এগুলো বাতিল বা স্থগিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক এবং অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশনের কার্যকারিতা এবং গুম প্রতিরোধ সংক্রান্ত বিধান দুর্বল থাকলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এসব অধ্যাদেশ দ্রুত কার্যকর করার মাধ্যমে সরকারের সদিচ্ছা প্রমাণ করা উচিত।

টিআইবি প্রশ্ন তোলে, গুম প্রতিরোধসংক্রান্ত অধ্যাদেশগুলো কেন অধিকতর যাচাই-বাছাইয়ের নামে আটকে রাখা হলো। সংস্থাটি মনে করে, আইনে কোনো দুর্বলতা থাকলে তা সংশোধন করা যেতে পারে, তবে দায়মুক্তির সুযোগ তৈরি করা উচিত নয়।

দুদক অধ্যাদেশ প্রসঙ্গে টিআইবি জানায়, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে গৃহীত সংস্কার প্রস্তাব অনুযায়ী তা সংশোধন করে দ্রুত সংসদে উপস্থাপন করা প্রয়োজন। একইভাবে পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলা হয়েছে, এতে একটি স্বাধীন ও পেশাদার পুলিশ ব্যবস্থা গঠনের প্রতিফলন নেই।

এছাড়া তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে তথ্যের সংজ্ঞা, কর্তৃপক্ষের আওতা এবং কমিশনের কাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

সবশেষে টিআইবি বলেছে, স্থগিত থাকা সব অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি, যাতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহি আরও শক্তিশালী হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495