নব্য জেএমবি সন্দেহে শিশুকে হেফাজতে নিল সিটিটিসি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে হেফাজতে নেওয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে নেওয়া শিশুটির সঙ্গে শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিটিটিসি সূত্রে আরও জানানো হয়, ওই শিশু অনলাইনে সক্রিয় থেকে উগ্রবাদী মতাদর্শ প্রচার করত। সে তথাকথিত ইসলামিক স্টেটের পক্ষে বিভিন্ন পোস্ট শেয়ার করত এবং নতুন সদস্য সংগ্রহের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া বোমা তৈরির নির্দেশনাসংবলিত ফাইল আদান-প্রদান এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার তথ্যও পাওয়া গেছে।
আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উগ্রবাদ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।