ফেসবুকে বিচার বিভাগ নিয়ে মন্তব্য, ২৮ বিচারককে শোকজ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এবং উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন, যা নির্ধারিত নির্দেশনা লঙ্ঘনের শামিল।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা অমান্য করা হয়েছে, যা অসদাচরণ হিসেবে গণ্য। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি অনুযায়ী চাকরির শৃঙ্খলার পরিপন্থী।
নোটিশে বলা হয়েছে, উত্থাপিত অভিযোগের বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।
ঘটনাটি বিচার বিভাগ ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শৃঙ্খলা রক্ষার বিষয়টি নতুন করে সামনে এসেছে।