সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘোষণা দেন আখতার আহমেদ।
তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
এছাড়া ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে রাজনৈতিক সমীকরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট পাবে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী-এনসিপি জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে একটি আসন।
এছাড়া রুমিন ফারহানা কোনো জোটে না থাকার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
আইন অনুযায়ী, সাধারণ আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মে পর্যন্ত এ নির্বাচনের সময়সীমা রয়েছে।
নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত এই নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।