প্রথম সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় ৩ চুক্তি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মাসের ১০ তারিখের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরকে ঘিরে দিল্লিতে প্রস্তুতি চলছে জোরেশোরে। এ সফরে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনৈতিক সূত্র জানায়, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে এ সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সফরটি স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছে দিল্লি।
দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। উভয় দেশই কিছু বিষয়ে কঠোর অবস্থান নেয়। সেই পরিস্থিতি কাটিয়ে আবারও সম্পর্ক গভীর করতে বন্ধুত্বপূর্ণ বার্তা দিতে চায় ভারত। ফলে সফরটিকে অত্যন্ত গুরুত্বসহকারে আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচন থাকায় সফরের সময়সূচি কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ১০ মের আগেই সফরের তারিখ চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করেন। ওই বৈঠকে আসন্ন সফর ও তিনটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনা হয়। যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে প্রায় ২০০ কোটি ডলার সমমূল্যের সহায়তা প্যাকেজ ও গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়টি আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, অর্থসহায়তা প্যাকেজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে রয়েছে দুই দেশ। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আসন্ন ইরি মৌসুমে সেচের জন্য ডিজেলের চাহিদা বাড়বে। এ পরিস্থিতিতে ভারত থেকে বাড়তি ডিজেল আমদানির সুযোগ চেয়েছে বাংলাদেশ। বিষয়টি ভারত সরকারকে অবহিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমান প্রথম আনুষ্ঠানিক সফরে ভারত যান। তার সফরের পর প্রধানমন্ত্রীর সফর প্রায় চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর সফরে তার স্ত্রী ও কন্যা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নাম প্রাথমিক তালিকায় রয়েছে। কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধিও সফরে যোগ দিতে পারেন।
তবে পুরো বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় বা ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।