যুব ইনস্টিটিউট থেকে বাদ পড়ল ‘শেখ হাসিনা’ নাম, সংসদে সংশোধনী বিল পাস

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া খাতকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের কাঠামো যুগোপযোগী করতে সংসদে পাস হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’। নতুন এই সংশোধনীর মাধ্যমে ২০১৮ সালের বিদ্যমান আইনকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বিলটি উত্থাপন করেন।

সংশোধিত আইনের আওতায় ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ থেকে ‘শেখ হাসিনা’ নামটি বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল’ পাস হয়েছিল। নতুন এই সংশোধনের মাধ্যমে আইনের মূল কাঠামো বহাল থাকলেও নাম পরিবর্তনের বিষয়টি কার্যকর করা হয়েছে।

চলতি বছরের শুরুতে এ সংক্রান্ত একটি সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়। পরে সেটি বিল আকারে সংসদে উপস্থাপন করে অনুমোদন নেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তনের ফলে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আরও আধুনিক ও দক্ষ হবে।

সংসদ সচিবালয়ের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, যুব ও ক্রীড়া উন্নয়ন খাতে এটি একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495