জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার ধারাবাহিকতায় জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল উত্থাপন করা হয়। বিলগুলোর ওপর কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে বিস্তারিত আলোচনা হয়নি। পরে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। অবশিষ্ট ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও পরিমার্জন করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে। এদিন পাস হওয়া বিলগুলো বিশেষ কমিটি অপরিবর্তিতভাবে অনুমোদনের সুপারিশ করেছিল।
সকালের বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন। এসব বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।
অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘শুল্ক ও লবণ বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেগুলোও অনুমোদন পায়।
এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, ২০২৬’ উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেটিও সংসদে অনুমোদিত হয়।