অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, হেলিকপ্টারে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী এবং রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সৈয়দপুর বিমানবন্দরে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুলু। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, দুই দিনের লালমনিরহাট সফরের অংশ হিসেবে শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকার বিমানবন্দর থেকে সৈয়দপুরে পৌঁছান। সেখানে বিমান থেকে নেমে বিশ্রাম কক্ষে বসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন।
পরবর্তীতে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।