আমিও গুমের শিকার, গুম কমিশন এমনভাবে করব যাতে ন্যায়বিচার হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গুম সংক্রান্ত কমিশন এমনভাবে গঠন ও পরিচালনা করা হবে যাতে এর কার্যকারিতা নিশ্চিত হয় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পান। একইসঙ্গে তিনি নিজেও গুমের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, গুম কমিশনকে যথাযথ ক্ষমতা দেওয়া হলেও সেটি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। তিনি বলেন, বিদ্যমান প্রস্তাবিত কাঠামো হুবহু আইন হিসেবে গ্রহণ করা হলে কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও গভীরভাবে যাচাই-বাছাই করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব অধ্যাদেশ সরাসরি আইনে রূপান্তর না করে প্রয়োজনীয় সংশোধন এনে গ্রহণ করা উচিত। এতে আইন আরও কার্যকর ও গ্রহণযোগ্য হবে।

সংসদ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল নিয়ম অনুযায়ী ওয়াকআউট করতে পারে, তবে তারা যেসব ইস্যুতে আপত্তি তুলেছে, তা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এমনকি সংসদের বাইরে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে আইনে পরিণত হয়েছে। এছাড়া ১৩টি সংশোধন করে পাস করা হয়েছে এবং ৭টি বাতিল বা সংরক্ষণ করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী আরও পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, সংসদে ইতোমধ্যে ৯১টি বিল উত্থাপন করা হয়েছে এবং অবশিষ্ট বিষয়গুলো নিয়েও কাজ চলছে। বিরোধী দল বিষয়টি না বুঝেই বিভ্রান্তি ছড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে দীর্ঘদিন একই অবস্থার সৃষ্টি হতো, যা পরবর্তীতে সরকার সংশোধন করেছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও গ্রহণযোগ্য আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495