জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিলটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে।

নতুন বিলের মাধ্যমে বিরোধী দলের আপত্তি নাকচ করে অন্তর্বর্তী সরকারের আমলে থাকা অধ্যাদেশ বাতিল করা হয় এবং ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু করা হয়।

এদিকে পদত্যাগ প্রসঙ্গে বিদায়ী কমিশনের সদস্য নূর খান জানান, সরকারের পক্ষ থেকে তাদের পদত্যাগ করতে বলা হয়নি। তবে পুরো পরিস্থিতি এক ধরনের ধোঁয়াশার মধ্যে ছিল বলে তিনি মন্তব্য করেন। যেহেতু তারা আগের অধ্যাদেশের ভিত্তিতেই দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এখন তা আর কার্যকর নেই, তাই পদত্যাগ করাকেই তারা যথাযথ মনে করেছেন।

অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী বলেন, অধ্যাদেশ বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই আগের কমিশন আর কার্যকর নেই। তবে কমিশন সদস্যদের খোলাচিঠি তিনি এখনও পড়েননি বলেও জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495