শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান ঢাকার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পিএম
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারেন, সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতের মাটিতে অবস্থান করে শেখ হাসিনা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপের পথ খোলা রাখার কথাও উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির আরও জানান, ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ। এ ক্ষেত্রে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।