ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: সরাইলের অফিস সহকারী সাময়িকভাবে বরখাস্ত
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম
নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত কর্মচারী মো. আবু সুফিয়ান মোল্লা সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি এক পরীক্ষার্থীর কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অনৈতিক সুবিধা দিতে সহায়তা করেন।
কর্তৃপক্ষের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে বলা হয়, অপরাধের প্রকৃতি ও গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।