১৮০ দিনের কর্মসূচির আওতায় ‘ই-হেলথ কার্ড’ দেয়ার উদ্যাগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দাদের এ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম গত ১৬ মার্চ শুরু হয়েছে। জুন ২০২৬ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ১২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির মাধ্যমে আরও ১৫০০ কিলোমিটার খাল সংস্কার করা হবে। আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এসব চারা রোপণ করা হবে এবং এ কার্যক্রমে স্থানীয় সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।

শিক্ষা খাতেও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কার্যক্রম চলছে। একইসঙ্গে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনাও ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২৩৩৬টি কারিগরি এবং ৮২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া সারাদেশে খেলার মাঠ উন্নয়নে প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনায় এবং দেশে পেপাল সেবা চালুর উদ্যোগেও একটি কমিটি কাজ করছে।

ক্রীড়াবিদদের জন্য ভাতা চালুর বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ইতোমধ্যে ভাতা পেয়েছেন।

এছাড়া ভাষা শিক্ষার্থী ভিসায় ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে এবং জাপানগামী শিক্ষার্থীদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। পাশাপাশি সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২৮৭৯টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495