সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই: চিফ হুইপ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া এবং এ নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিরোধীদলের সঙ্গে কিছু মতভেদ থাকলেও তা মূলত সংশোধনের পদ্ধতি ঘিরেই সীমাবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, যা প্রমাণ করে রাষ্ট্রে কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নন।
কর্মসংস্থান বিষয়ে চিফ হুইপ জানান, নতুন শ্রমবাজার খুঁজে বের করতে সরকার কাজ করছে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর্মমুখী শিক্ষার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে দক্ষ করে তোলার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার বাহিনীকে রাজনীতিকরণ করেছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে চিফ হুইপ বলেন, ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের সংবাদ সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, তেল শোধনাগার বন্ধ হওয়ার খবর গুরুত্ব পেলেও তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর বিষয়টি তেমনভাবে সামনে আসেনি।
সবশেষে তিনি বলেন, কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও সংবিধান সংশোধনে রাজনৈতিক ঐকমত্য খুব বেশি দূরে নয়।