আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের তালিকায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সম্মাননা তুলে দেবেন।
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষা ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য খালেদা জিয়াকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন- মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।
এ ছাড়া রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু মনোনীত হয়েছেন।
প্রতিষ্ঠান হিসেবে মনোনয়ন পেয়েছে— ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয় ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র।