ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন দুটি দিবস, একটিতে থাকছে ছুটি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম
সরকারি ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন দুটি জাতীয় দিবস। এর মধ্যে একটি দিবসে সরকারি ছুটি থাকলেও অন্যটিতে কোনো ছুটি থাকবে না।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে গণ্য হবে, তবে ৬ জুলাই কোনো ছুটি থাকছে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
তিনি বলেন, দেশের পল্লী অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও জোরদার ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন করা হবে। অন্যদিকে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপন করা হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।
এদিকে বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ নিয়েও আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।