ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, নেই কোনো আয়োজন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

এর আগে ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম-কে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ-কে প্রধানমন্ত্রী করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। একই সঙ্গে এম এ জি ওসমানী-কে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঐতিহাসিক ওই শপথ অনুষ্ঠানেই বৈদ্যনাথতলা ‘মুজিবনগর’ নামে পরিচিতি লাভ করে। অনুষ্ঠানে তৎকালীন সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর নেতৃত্বে আনসার সদস্যরা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। দেশি-বিদেশি সাংবাদিক, কূটনীতিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তা সারা দেশে সম্প্রচার করা হয়।

২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার পর ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার ধারাবাহিকতায় গঠিত এই অস্থায়ী সরকারই মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেয়। তাদের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়।

তবে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হলেও এ বছর এখন পর্যন্ত মুজিবনগর দিবস উপলক্ষে কোনো সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পি রানী রায় জানিয়েছেন, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ১৯৭১ সালের ঐতিহাসিক দিনে গার্ড অব অনার প্রদানকারী ১২ আনসার সদস্যের মধ্যে বর্তমানে জীবিত আছেন মাত্র দুজন সিরাজ উদ্দিন ও আজিম উদ্দিন শেখ। বয়সের ভারে ন্যুব্জ এই দুই বীর সরকারি উদ্যোগ না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন।

আনসার সদস্য সিরাজ উদ্দিন বলেন, “আমরা খুবই কষ্ট পেয়েছি। এবারের ১৭ এপ্রিল উপলক্ষে কোনো প্রশাসনিক কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। সরকারিভাবে পালন না হলেও আমরা নিজেরাই মুজিবনগরে গিয়ে শহীদ ও সহযোদ্ধাদের জন্য দোয়া করব।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495