চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম
পবিত্র হজকে ঘিরে ২০২৬ সালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটের আগে বিমানে উঠে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী জানান, চলতি বছরে প্রতি হজযাত্রীর খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং ভবিষ্যতে আরও ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নির্ধারিত সময়সূচি বজায় রাখতে এয়ারলাইনসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। তাদের পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। আগামী ২১ মে পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট পরিচালিত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।