আবারও হরমুজ পাড়ি দিতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’, ফিরে যাচ্ছে পারস্য উপসাগরে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা আবারও হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পেয়ে শুক্রবার রাতে নোঙর তুলে যাত্রা শুরু করলেও কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়।
জাহাজে থাকা ক্রুদের বরাতে জানা যায়, যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ইরানের পক্ষ থেকে বেতারবার্তায় নির্দেশ দেওয়া হয়, জাহাজটিকে পারস্য উপসাগরে ফিরে যেতে হবে। নির্দেশ পাওয়ার পরই জাহাজটি পুনরায় আগের অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিএসসি সূত্র জানায়, শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছিল এবং ধারণা করা হচ্ছিল রাত ৩টার মধ্যে এটি পার হতে পারবে। তবে মধ্যরাতেই ইরানি কর্তৃপক্ষের নির্দেশে পরিকল্পনা ভেস্তে যায়।
জানা গেছে, শুধু বাংলার জয়যাত্রাই নয়, ওই সময় বহু জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলেও একই নির্দেশে সেগুলোও ফিরে যেতে বাধ্য হয়। আন্তর্জাতিক মেরিন ট্রাফিক পর্যবেক্ষণ অনুযায়ী, রাতের দিকে শত শত জাহাজ হরমুজের দিকে অগ্রসর হলেও পরে সবকটি আবার পারস্য উপসাগরে ফিরে যায়।
উল্লেখ্য, বিএসসির এই জাহাজটি গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল এবং বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন করছিল। পরে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনা করে। তবে একাধিকবার চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি।