পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আগের মতোই কড়া নজরে শিক্ষামন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আওতায় প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ ও উপাধ্যক্ষ) নিয়োগের লিখিত পরীক্ষা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরিদর্শনের সময় মন্ত্রীকে আগের মতোই কঠোর ও সতর্ক অবস্থানে পরীক্ষা কার্যক্রম তদারকি করতে দেখা যায়। সকাল থেকে তিনি রাজধানীর একাধিক কেন্দ্রে উপস্থিত হয়ে কখনও জানালার ফাঁক দিয়ে, আবার কখনও কাচ সরিয়ে পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তাঁর এমন তীক্ষ্ণ নজরদারি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে।
সূত্র জানায়, তিনি সরকারি বাংলা কলেজ, রেসিডেনশিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। পাশাপাশি একটি সরকারি অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষাও পরিদর্শন করেন।
এর আগে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানান, শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্বলতা সহ্য করা হবে না। যোগ্য প্রার্থীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ঢাকার নির্ধারিত নয়টি কেন্দ্রে চারটি ধাপে বহুনির্বাচনি প্রশ্নপত্রের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল, দুপুর ও বিকেলে পৃথক ধাপে পরীক্ষা গ্রহণ করা হয়।