সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সবশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়। সেই সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় পৌরসভাটি।
পৌরসভাকে বড় আকার দেওয়ার মধ্য দিয়ে পরবর্তীতে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা আর বাস্তবায়ন হয়নি। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের কাছেও বগুড়াবাসীর পক্ষ থেকে একাধিকবার সিটি করপোরেশন করার দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
পরে গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান পরিদর্শনে এসে জানান, ২০২৫ সালের ডিসেম্বরের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন হয়নি।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য প্রাক-নিকার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বগুড়া সিটি করপোরেশন উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।