‘বগুড়া সিটি করপোরেশন’ এর উদ্বোধন করতে বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম
নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে এসে পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। বগুড়ায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তার।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে উপস্থিত হয়ে তিনি বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন। এরপর সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড উদ্বোধন, সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন করবেন।
দুপুরের দিকে শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।
সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে।