গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংবাদপত্র শিল্পের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সংগঠনের সভাপতি ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন পত্রিকার মালিক ও প্রকাশকরা বৈঠকে অংশ নেন। বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান নানা সংকট তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা করেন তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উদার গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে সরকারের প্রতি তাদের সমর্থনও অব্যাহত থাকবে।

বৈঠক শেষে মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ বিভিন্ন সমস্যার মুখে রয়েছে। প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং কয়েকটি দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্রেপ্তার সাংবাদিকদের বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কেউ বিনা কারণে কারাবন্দি আছেন কি না বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা যাচাই করে দেখা হবে।

বৈঠকে নিয়মিত সংলাপ চালু রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রতি তিন মাস অন্তর সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495