সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের গণপরিবহন খাতে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাসচালক ও তাদের সহকারীরা অঘোষিতভাবে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে যাত্রীদের সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।
এমন পরিস্থিতিতে সরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি পরিবহন মালিকদের প্রতি এ নির্দেশ দেন।
বিবৃতিতে বলা হয়, সরকার বাস ভাড়া পুনর্নির্ধারণ না করা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় না করতে হবে। একই সঙ্গে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের উচ্চমূল্যের কারণে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। গত দেড় মাস ধরে জ্বালানি তেল সংকটের মধ্যে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।