প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম
দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে ও শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম মাসেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধা পাবে।
মাহদী আমিন জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একই ধরনের ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে শক্তিশালী করা এবং দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো। পাশাপাশি ধনী-গরিবের বৈষম্য কমিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এছাড়া পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।