বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন, কোন রুটে কত বাড়ল?

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এর ক্ষমতাবলে এই ভাড়া সমন্বয় করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে-

মহানগর রুট:
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪২ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ৫৩ টাকা করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লা:
দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ১২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২ দশমিক ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন এলাকা:
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৩২ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ৪৩ টাকা করা হয়েছে।

সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত:
ভাড়া বাড়লেও ঢাকা মহানগরে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন এই ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রতিটি বাস ও মিনিবাসে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা আজ থেকেই কার্যকর করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495