দুর্ঘটনা কমাতে বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
গণপরিবহনে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বাসে জরুরি বহির্গমন ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। পাশাপাশি নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারাই অধিকাংশ প্রাণহানির প্রধান কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় যাত্রীদের দ্রুত ও নিরাপদে বাস ত্যাগের সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক, মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ করে দরজা আটকে যাওয়া বা জানালার আকার ছোট হওয়ায় অনেক সময় দ্রুত বের হওয়া সম্ভব হয় না।
এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে জরুরি দরজার চিহ্ন রাখতে হবে এবং জানালার কাচ ভাঙার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণ করতে হবে, যাতে জরুরি মুহূর্তে বিকল্প পথ ব্যবহার করে যাত্রীরা দ্রুত বের হতে পারেন।
অন্যদিকে, নন-এসি বাসের জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, এসব রড থাকলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সংস্থাটি আশা প্রকাশ করেছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে এবং প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।