পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:১৬ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
বৈঠকে উভয় পক্ষ বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে নতুন সম্ভাবনা ও সক্ষমতার ভিত্তিতে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ভারত বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রণয় ভার্মা। তিনি বলেন, জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করতে ভারত আগ্রহী।
এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভারতীয় হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।