পুলিশের পোশাকে শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:৫১ পিএম
পুলিশের নতুন পোশাকটি মানানসই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, আগের পোশাকেই আবার ফিরছে পুলিশ সদস্যরা।
সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের পোশাক নিয়ে অনেকের অসন্তোষ ছিল। বিশেষ করে নতুন ডিজাইনটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি এবং এটি মানানসইও নয়। তাই পুলিশ সদস্যদের মতামত ও আবেদনের ভিত্তিতে আগের পোশাক পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঐতিহ্য বজায় রেখে একটি গ্রহণযোগ্য পোশাক নির্ধারণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্ট আগের মতোই থাকবে মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল রঙের। তবে প্যান্ট থাকবে খাকি রঙের।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর কিছু শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, এ বিষয়ে সরকারের সরাসরি কিছু করার নেই। তবে এসব ব্যক্তি সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে এবং মানুষের স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।