সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:২৮ পিএম
সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিমানযোগে বিদেশ যাত্রার ক্ষেত্রে উচ্চ শ্রেণির আসনের পরিবর্তে এখন থেকে সাধারণ শ্রেণিতে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে একটি আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তাই এই নির্দেশনার আওতায় থাকবেন।
এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগ থেকে জারি করা এক স্মারকে সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ বিভিন্ন সুবিধার বিধান ছিল। তবে নতুন নির্দেশনায় সেই বিধানে পরিবর্তন এনে সাধারণ শ্রেণিতে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২৬ সালের ২৯ এপ্রিলের পত্রের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অর্থ বিভাগের উপসচিব র হ ম আলাওল কবির আদেশে স্বাক্ষর করেছেন।