প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দেওয়া হবে, তবে সেই স্বাধীনতা এমন পর্যায়ে যাবে না যাতে আবার হলি আর্টিজেনের মতো ঘটনা ঘটে। তিনি বলেন, অতীতে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিল, তাই এখন এগুলোকে কঠোর নিয়ন্ত্রণ ও তদারকির আওতায় আনা হবে।

মঙ্গলবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে সহযোগিতা করবে, তবে তাদের কার্যক্রম অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে। তিনি প্রশ্ন তোলেন, অনেক বিশ্ববিদ্যালয় নিজেদের অলাভজনক প্রতিষ্ঠান দাবি করলেও সেখান থেকে অর্জিত অর্থ কোথায় যায় তা স্পষ্ট নয়।

তিনি জানান, প্রধানমন্ত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, জিয়াউর রহমান মাত্র ১৬ দিন শিক্ষামন্ত্রী থেকে যে কাজ করেছিলেন, তিনি দীর্ঘ সময়েও তা অতিক্রম করতে পারবেন না। তবে তিনি আশা প্রকাশ করেন, ভালো উদাহরণ অনুসরণ করলে দেশের শিক্ষা খাতে দ্রুত উন্নতি সম্ভব। মালয়েশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, চাইলেই শিক্ষা খাতে বড় পরিবর্তন আনা যায় এবং বাংলাদেশও তা করতে সক্ষম।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495