লিমনের পর দেশে ফিরছে বৃষ্টির মরদেহ, শনিবার সকালে পৌঁছাবে ঢাকায়

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো বিমানবন্দরে মায়ামিভিত্তিক বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাস ও মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে মরদেহ দেশে পাঠানোর পুরো কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর থেকেই দূতাবাসের নির্দেশনায় মায়ামির বাংলাদেশ কনস্যুলেট তদন্তকারী পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী মরদেহ দেশে পাঠানোর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। একইভাবে নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এরপর বাংলাদেশ দূতাবাস, মায়ামির বাংলাদেশ কনস্যুলেট, পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন হয়।

নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এদিকে নিহত দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে সমাবর্তনে একজন প্রতিনিধি উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিয়ে সেই সম্মাননা গ্রহণ করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495