স্ত্রী সাবিকুন্নাহারকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪৪ পিএম
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দাম্পত্য জীবন আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মধ্যেই তাদের সংসারে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে।
জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।
শনিবার (৯ মে) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাবিকুন্নাহার সারা নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রমজানের চাঁদরাতেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে এবং আবু ত্বহা আদনান তাকে তালাক দিয়েছেন।
এর আগে পারিবারিক বিরোধের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। পরে ২০২৫ সালের ২ ডিসেম্বর তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার সংসারও বেশিদিন স্থায়ী হয়নি।