সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৪২ পিএম
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১০ মে) সকালে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শনিবার রাত ৩টা পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে যান।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় ২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে।