মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার: রিজভী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

মানুষের মুখে হাসি ফোটানো এবং কোনো শ্রেণি-পেশার মানুষ যেন বঞ্চিত না হয় এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রোববার (১০ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তৃতীয় তলায় আইডিইবির ৪৫তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও নানা প্রতিকূলতা পেরিয়ে জনগণের ভোটে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই এই সরকার জনগণের কাছে জবাবদিহিতার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে।

তিনি আরও জানান, বিএনপির ৩১ দফা এবং নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

কৃষিঋণ মওকুফ, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কোনো ফাঁপা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নের ধারাবাহিক প্রক্রিয়া চলছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নের ভিত্তি নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।

রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের মতামত শুনছেন। দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ, উর্বর জমি ও নদী-খাল সঠিকভাবে ব্যবহার করা গেলে বাংলাদেশ আরও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495