ঈদ সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু, মিলবে তেল-চিনি-ডাল

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (১১ মে) থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ৭২০টি ট্রাকের মাধ্যমে ১০ দিনব্যাপী এ কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, আগামী ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) দেশের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ সাধারণ ভোক্তার কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে।

টিসিবির তথ্যমতে, ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, নিম্নআয়ের কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলায় ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ভোক্তারা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।

এছাড়া ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে মে মাসজুড়ে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কার্ডধারীদের জন্য ভর্তুকিমূল্যের পণ্যের দাম ও পরিমাণ অপরিবর্তিত থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495