ড. ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিজের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

সাদিক কায়েম জানান, “জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স”–এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সাক্ষাতের সময় তিনি ড. মুহাম্মদ ইউনূসকে তার বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দেন। এ সময় ড. ইউনূস তাকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে জুলাই মাসের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাই আন্দোলনকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

তরুণদের এসব উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ড. মুহাম্মদ ইউনূস তাদের ধন্যবাদ ও প্রশংসা জানান।

এছাড়া গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আগামীর পথচলায় তার সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করা হয়। একইসঙ্গে ৫ আগস্ট পরবর্তী সংকটময় সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করায় দেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495