নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা–এর বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। পারিবারিক সূত্র জানিয়েছে, সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি–এর যন্ত্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। অবসরের পরও তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন।

ড. রেজাউল হক মরহুম ফহিম উদ্দিন বিশ্বাস ও আনোয়ারা খাতুনের সন্তান। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495