জুলাই থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের নির্দেশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো কার্যকর করতে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট নিয়ে গত ১৩ মে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে জুলাই মাস থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

তিনি আরও জানান, নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে ২০২৬-২৭ অর্থবছরে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ এবং ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত হতে পারে।

কর্মকর্তাদের মতে, ধাপে ধাপে বাস্তবায়ন করা হলে মূল্যস্ফীতির চাপ কমবে এবং সরকারের অর্থ ব্যবস্থাপনাও সহজ হবে।

আগামী অর্থবছরে নতুন কাঠামোর আওতায় মূল বেতনের অর্ধেক পরিশোধে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। বর্তমানে সরকারের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতায় প্রায় ৮৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।

এদিকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা গ্রেডভেদে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা ও পেনশনারদের সুবিধা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495