ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একাধিক অঞ্চল
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:২৩ এএম
দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকাতেও এই কম্পন টের পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর এলাকা।
স্থানীয় সূত্র ও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।
এছাড়া সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও এই কম্পন টের পাওয়া গেছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি ‘মৃদু’ শ্রেণির অন্তর্ভুক্ত।