২৩ মে’র ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের ছুটির সময়সূচিতে পরিবর্তন এনে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। ফলে ওই দিন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি থাকার কথা ছিল। তবে ছুটির সময়সূচির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবারকে কর্মদিবস হিসেবে নির্ধারণ করেছে সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, অগ্নিনির্বাপণ সেবা, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেটসহ জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া হাসপাতালসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরাও ঘোষিত ছুটির সুবিধা পাবেন না।

সরকারের এ সিদ্ধান্তে ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি বহাল থাকলেও একটি সাপ্তাহিক ছুটি কর্মদিবস হিসেবে গণ্য হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495