ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মুফতি মুহিববুল্লা হিল বাকী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:১১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন ১৯৭৫ অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাকে অন্যান্য পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।

দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমাম সচিব পদমর্যাদার এ উচ্চ প্রশাসনিক পদে নিয়োগ পাওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মুফতি মুহিববুল্লা হিল বাকী দীর্ঘদিন ধরে দেশের ইসলামী অঙ্গনে সুপরিচিত। তিনি কওমি, আলিয়া ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন। তিনি দাওরায়ে হাদিস, কামিল ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

কর্মজীবনে তিনি শিক্ষক, গবেষক ও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি দারুল মারিফ ও দারুল উলুম মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানে ইসলামি শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন।

ধর্মীয় অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইমামতি করেছেন। এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসলামি ব্যাংকিং ও শরিয়াহভিত্তিক অর্থনীতিতেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। সবশেষে তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য হিসেবেও কাজ করেছেন।

দেশীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ছাড়াও মিশর ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, তার এ নিয়োগ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে নতুন গতি আনবে এবং গবেষণানির্ভর ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495