রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:০২ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাতে সরকারপ্রধান তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সচিবালয়ে সরকারি কাজ শেষ করে রাতের দিকে মিরপুর-১১ এলাকার বি ব্লকে নিহত শিশুর বাসায় যান সরকারপ্রধান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন। সরকারপ্রধান শোকাহত পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারপ্রধান নিহত শিশুর মা-বাবা ও বড় বোনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়েছেন। তিনি জানান, পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
ডিএনএ পরীক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের অনুমতি নিয়ে অপরাধ তদন্ত বিভাগ পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। রোববার দুপুরের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আইন সংশোধনের বিষয়েও সরকার উদ্যোগ নেবে। একই সঙ্গে দ্রুত বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের চেষ্টা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারপ্রধান শিশুটির বড় বোনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পরিবারটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়েও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
গত মঙ্গলবার সকালে মিরপুর-১১ এলাকার একটি বাসার খাটের নিচ থেকে সাত বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রথমে প্রধান আসামির স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।