৪৭ বছর পর বাবার খনন করা খালের পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৩৭ পিএম
দীর্ঘ ৪৭ বছর পর বাবার হাতে খনন হওয়া ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিরামপুর (দরিয়ারপুর) গ্রামে তিনি এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালের এই খালটির খনন কার্যক্রম শুরু করেছিলেন। সে সময় যে স্থানে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালের মাটিতে কোদাল চালিয়েছিলেন, ঠিক একই স্থানে দাঁড়িয়ে তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখননের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর প্রত্যাশা, খালটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে অতীতের জনবান্ধব উদ্যোগগুলো পুনরায় বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।