প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫৫ পিএম
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেওয়া এই কূটনীতিক ঢাকায় দায়িত্ব পালনের আগে ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।