চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ড. ইউনূসের চিঠি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:২৫ পিএম
চীনের শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি পাঠিয়ে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
রোববার পাঠানো ওই চিঠিতে ড. ইউনূস বলেন, শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে ঘটে যাওয়া ভয়াবহ গ্যাস বিস্ফোরণ বিশ্বের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। প্রিয়জন হারানোর এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস আরও বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও গুরুত্বপূর্ণ এই পেশায় নিহত শ্রমিকদের নিষ্ঠা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ ছাড়া দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়া উদ্ধারকর্মী, চিকিৎসক ও জরুরি সেবা কর্মীদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। তাদের নিরলস প্রচেষ্টা মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন ড. ইউনূস।
চিঠিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকাহত পরিবারগুলোর প্রতি শক্তি ও সাহস কামনা করেন তিনি।