কোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসবেন কসাইরা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০৮ পিএম

ছবি: এআই

কোরবানির ঈদকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক অভিজ্ঞ কসাই এবারও রাজধানী ঢাকামুখী হচ্ছেন। ট্রেন ও বাসে করে ইতোমধ্যে অর্ধশতাধিক কসাই ঢাকায় পৌঁছালেও এবার কেউ কেউ দ্রুত পৌঁছাতে বিমানের টিকিট কেটে ঢাকায় যাচ্ছেন।

ঈদুল আজহা ঘনিয়ে এলেই সৈয়দপুরের মাংসহাটিগুলোতে শুরু হয় ব্যস্ততা। কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটা ও ভাগ করার কাজে দক্ষ এসব কসাই ঈদের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি কাজ করেন।

সংশ্লিষ্টদের ধারণা, ঈদের তিন দিনে এই কসাইদের দল সম্মিলিতভাবে ২০ থেকে ৩০ লাখ টাকার বেশি আয় করতে পারেন।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি, যিনি এলাকায় ‘ছোটু নাদিম’ নামে পরিচিত, জানান এবার তিনি ১০ জনের একটি দল নিয়ে ঈদের আগের দিন বিমানে করে ঢাকায় যাবেন। ইতোমধ্যে টিকিটও বুক করা হয়েছে। দলটিকে তিন ভাগে ভাগ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বংশপরম্পরায় তারা এই পেশার সঙ্গে যুক্ত। পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে মাংস ভাগ করা পর্যন্ত সব কাজেই বিশেষ দক্ষতা রয়েছে তাদের।

সৈয়দপুর গোলাহাটের কসাই সুলতান জানান, তিনি আগেই বিমানে করে ঢাকায় পৌঁছে গেছেন। ঢাকার বিভিন্ন এলাকায় আগেই বুকিং পাওয়া থাকে বলে তারা আগে থেকেই কাজের প্রস্তুতি নেন।

সৈয়দপুরের আরও অনেক কসাই ইতোমধ্যে বিমানের টিকিট কেটে রেখেছেন। তাদের মতে, ঈদের আগে ফ্লাইটে যাত্রী কম থাকায় তুলনামূলক কম ভাড়ায় দ্রুত ঢাকা পৌঁছানো যায়।

কসাই মোস্তাকিম, ইলিয়াস ও জাম্বুর মতো অনেকে জানান, চারজনের একটি দল দিনে একাধিক কোরবানির গরু কাটার কাজ করেন। ঈদের তিন দিনে একটি দল মিলিয়ে ১২ থেকে ১৬টি গরু জবাই ও মাংস প্রস্তুত করতে পারে, ফলে আয় দাঁড়ায় কয়েক লাখ টাকায়।

তারা আরও জানান, ঢাকার গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকার অনেক পরিবার আগে থেকেই তাদের নাম ধরে বুকিং দিয়ে রাখেন।

কসাইদের মতে, এটি শুধু পেশা নয় বরং একটি দক্ষতার কাজ, যেখানে পশু জবাই থেকে শুরু করে মাংস সুন্দরভাবে ভাগ করা পর্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন।

ঈদের পর তারা আবার কেউ বিমানে, কেউ ট্রেনে ও কেউ বাসে করে ফিরে যাবেন সৈয়দপুরে। তারপর আবার অপেক্ষা থাকবে পরবর্তী কোরবানির ঈদের।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495