আলজেরীয় দূতাবাসের উপহার ‘নৌকা’ সরকারি তোষাখানায় জমা দিলেন সড়ক উপদেষ্টা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির উপহার হিসেবে পাওয়া প্রতীকী ‘নৌকা’ সরকারি তোষাখানায় জমা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করে লেখেন, “গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। এর প্রাপ্তি স্বীকারপত্রও পাওয়া গেছে। আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।”
এর আগে, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনীত প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানে কূটনৈতিক সৌজন্যবশত রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি তাকে পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার দেন, যার গায়ে আলজেরীয় দূতাবাসের নাম লেখা ছিল।
উপহার গ্রহণের পর সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে জনমত জানতে চান মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখানে তিনি লেখেন, “এই উপহারটির সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই। এখন আমি চারটি বিকল্প বিবেচনা করছি— এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠানো, সরকারি তোষাখানায় জমা দেওয়া, শৈলান প্রবীণ নিবাসে রাখা বা নিজের কাছে রাখা।”
তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। পরে জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি উপহারটি সরকারি তোষাখানায় জমা দেওয়ার সিদ্ধান্ত নেন।