সশস্ত্র বাহিনী দিবস আজ, দেশজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম

সশস্ত্র বাহিনী দিবস আজ, দেশজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ভোরে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, বিমানবাহিনী ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

এর আগে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী প্রদান করেন। সকালে তারা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

তাদের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর প্রধানরা পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকার আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সেখানে ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হবে।

এদিন বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, উপদেষ্টাগণ, বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রধান, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক-শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে।

ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাসেও পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজ ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিকেল ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০ নভেম্বর বিশেষ অনির্বাণ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ‘দুর্বার’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে, যা পরবর্তীতে বেসরকারি টিভি চ্যানেলেও সম্প্রচারিত হবে। এ ছাড়া জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং সশস্ত্র বাহিনীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495