ঢাকায় ভূমিকম্পে ৩ জন নিহত, আহত শতাধিক

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ আশপাশের এলাকাজুড়ে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে যে আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জরুরি পরিস্থিতি সামাল দিতে দেশের সব হাসপাতালেই বিশেষ মেডিকেল টিম কাজ করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রয়েছেন। তার মা-সহ আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

এ ছাড়া আনঅফিসিয়াল তথ্যে জানা গেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন করে আহত ভর্তি হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজেও ১০ জন আহতের চিকিৎসা চলছে। নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত এসে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। একইভাবে ১০০ বেড হাসপাতালেও ১০ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

ডা. মঈনুল আহসান জানান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মৃতদের পরিবার ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495